ঝুমঝুমিয়ে বৃষ্টি


আকাশে ঘনকালো মেঘ জমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। আমি জানালার পাশে আধশোয়া হয়ে শশ শব্দে ভেসে আসা বাতাস গুনছি। চারপাশ কেমন ব্যতিব্যস্ত হতে লাগলো মুহূর্তের মধ্যেই..

এই বুঝি ঝড় এলো। কিন্তু আমার কেন জানি এসবে তেমন কোনো অনুভূতি জাগছে না। মনে বাজছিলো, যতো গর্জে ততো বর্ষে না। জানালা দিয়ে বাইরে মানুষের আনাগোনা দেখা যায়। তারাও তাদের আশ্রয়ের দিকে ছুটে যাচ্ছে।

ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গেলো। টিনের চালে মুষল বৃষ্টি। পরক্ষণেই আম্মু কি যেন বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওসব তোয়াক্কা না করে আম্মুর কাছে জানতে চাইলাম, বৃষ্টিরা ঝুমঝুমিয়ে নামে কেন ?"

আম্মু বলতে বলতে আসা কথাগুলো থামিয়ে আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে আবার চলে যায়। কিছু বলেও না। আমি অপ্রাসঙ্গিক কিছু জিজ্ঞেস করলাম কি ?" নিজেকে প্রশ্ন করে আবার বাইরে দেখতে লাগলাম।

অল্পক্ষণ পেরোতেই আবার আম্মুর উপস্থিতি অবলোকন করলাম। এসে বলে, "ওঁ কেমন আছে ? তোদের মান অভিমানের পালা শেষে কথা হয় কীনা!"

আমি চুপচাপ হাসি৷ কথা ঘুরিয়ে আরেক কথা টানি। ঠিক কথাটা বলতে পারিনা। আমি তো জানিনা টিনের চালে কার চোখের জল এমন করে ঝুমঝুমিয়ে নামছে !


  ||ঝুমঝুমিয়ে বৃষ্টি||
আমাদের বাড়ি | মে'২২

মন্তব্যসমূহ